ঢাকা অফিস ॥ যুক্তরাষ্ট্রে ২০২১ সালের ৬ জানুয়ারিতে ক্যাপিটল হিলে (কংগ্রেস ভবন) দাঙ্গার সেই ভয়াবহ দিনটিকে ‘ভালবাসার দিন’ বলে বর্ণনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মায়ামিতে বুধবার স্প্যানিশ ভাষার টিভি নেটওয়ার্ক ইউনিভিশন আয়োজিত এক টাউন হল প্রচার অনুষ্ঠানে ট্রাম্প একথা বলেন। যুক্তি দেখিয়ে তিনি বলেন, ওই দিন (৬ জানুয়ারি ২০২১) যে হাজার হাজার মানুষ ওয়াশিংটন ডিসি’র দিকে যাত্রা করেছিল তার কারণ হচ্ছে, “তারা ভেবেছিল নির্বাচনে কারচুপি হয়েছে।” ট্রাম্পের সমর্থকরা ওই দিনটিতে ক্যাপিটল হিলে হানা দিয়ে ডেমোক্র্যাট জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন জয়ী হওয়ার পরই ট্রাম্প দাবি করেছিলেন, জালিয়াতির মাধ্যমে তার জয় কেড়ে নেওয়া হয়েছে। ট্রাম্পের এই মিথ্যা দাবিতে উদ্বুদ্ধ হয়েই তার উগ্র সমর্থকরা ক্যাপিটল ভবনে ঢুকে দাঙ্গা-হাঙ্গামা শুরু করে। বিশৃঙ্খল পরিস্থিতির মুখে আইনপ্রণেতারা পালিয়ে যেতে বাধ্য হন। সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয় একজন পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন। ট্রাম্প এরপরও ভোট জালিয়াতির ভুয়া দাবি থেকে সরে আসেননি। তার এই দাবি যুক্তরাষ্ট্রে বিভক্তি সৃষ্টি করেছে। সেইদিনের দাঙ্গা ট্রাম্পের কারণেই ঘটেছিল বলে অভিযোগ আছে। ট্রাম্প তা অস্বীকার করে দিনটিকে ‘ভালবাসার দিন’ আখ্যা দিলেন। ওই দাঙ্গা চলার সময় ট্রাম্প নিষ্ক্রিয় ছিলেন বলে সম্প্রতি তার এক রিপাবলিকান সমর্থকও তার সমালোচনা করেছেন। এরপরই নির্বাচনের আগে দিয়ে টাউন হল প্রচার অনুষ্ঠানে ট্রাম্প তার দোষ কাটানোর চেষ্টা নিলেন। তিনি বলেন, “সেদিন আদৌ ভুল কিছু হয়নি। যে সমর্থকরা সেখানে গিয়েছিলেন, তাদের কাছে কোনও বন্দুক ছিল না। আমাদের কাছে বন্দুক ছিল না। অন্যদের কাছে বন্দুক ছিল। আমরা মানে, ওই মানুষেরা যারা সেদিন সেখানে গিয়েছিল। তারা আমার কারণে সেখানে যায়নি। নির্বাচনে কারচুপি হয়েছে মনে করে সেখানে গিয়েছিল। “তারা শান্তিপূর্ণভাবে দেশপ্রেম নিয়ে সেখানে জড়ো হয়েছিল। ব্যবস্থা নেওয়া হয়েছিল। শক্ত ব্যবস্থা। এই মানুষেরা ছিল সমর্থকদের খুব ছোট্ট একটি অংশ। তারা ভুল কিছু করেনি। লাখো মানুষের দৃষ্টিকোণ থেকে ওই দিনটি ছিল ভালবাসার দিন। হাজার হাজার মানুষের ভালোবাসা পাওয়ার মতো ব্যাপার।” ক্যাপিটলে সংঘটিত ওই দাঙ্গার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ২০২২ সালের ডিসেম্বরে বিদ্রোহসহ ৪টি ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ করেছিল যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল তদন্ত কমিটি। এ অভিযোগগুলো ছিল-বিদ্রোহ উসকে দেওয়া ও তাতে সহযোগিতা করা, সরকারি কাজে বাধাদান, যুক্তরাষ্ট্রকে প্রতারিত করার ষড়যন্ত্র এবং মিথ্যা বিবৃতি দেওয়ার চক্রান্ত। তাছাড়া, ২০২০ সালের নির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগও আনা হয় ট্রাম্পের বিরুদ্ধে। তবে এ অভিযোগও অস্বীকার করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে আদালতে এ অভিযোগে নিজেকে নির্দোষও দাবি করেছেন তিনি।
টপ নিউজ :
২০২১ সালের ৬ জানুয়ারি ‘ভালবাসার দিন’ ছিল: ট্রাম্প
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৮:০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
- 36
জনপ্রিয় সংবাদ
















