ঢাকা অফিস ॥ জার্মানির ব্রান্ডেনবুর্গ রাজ্যের একটি ইসলামিক কেন্দ্রে বৃহস্পতিবার অভিযান চালানো হয়েছে৷ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে কেন্দ্রটির সংশ্লিষ্টতা আছে বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মিশায়েল স্ট্যুবগেন৷ ২০১৮ সালে প্রতিষ্ঠিত ইসলামিক সেন্টার ফ্যুয়র্স্টেনভাল্ডে বা আইজেডএফকেও নিষিদ্ধ করা হয়েছে৷ বার্লিন থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কেন্দ্রটি অবস্থিত৷ এই কেন্দ্র থেকে আল-সালাম নামের একটি মসজিদ পরিচালনা করা হতো৷ অভিযানের সময় ওই কেন্দ্র থেকে একটি ল্যাপটপ ও অনেক অর্থ উদ্ধার করা হয়৷ প্রায় ৭০ জন পুলিশ অভিযানে অংশ নেন৷ কেন্দ্রটি ছাড়াও মসজিদের ইমামদের বাড়িতেও অভিযান হয়েছে৷ ব্রান্ডেনবুর্গ রাজ্যে নির্বাচনের ১০ দিন আগে এই অভিযান চালানো হলো৷ নির্বাচনের জরিপে চরম ডানপন্থি, অভিবাসনবিরোধী এএফডি দল এগিয়ে আছে৷ মুসলিম ব্রাদারহুডের সঙ্গেও আইজেডএফ এর সংশ্লিষ্টতা আছে বলে জানান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী স্ট্যুবগেন৷ তিনি বলেন, সংগঠনটি মুক্ত গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে কাজ করে, ইহুদিবিদ্বেষী আখ্যান ছড়ায় এবং ইসরাইলের অস্তিত্বের অধিকারকে অস্বীকার করে৷ আমরা এসব মেনে নিতে পারি না। জার্মানি, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ আরও কয়েকটি দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে৷ ডয়চে ভেলে জানিয়েছে, এর আগে জুলাই মাসে হামবুর্গ ইসলামিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়৷ এটি ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি ‘ইসলামি জঙ্গি সংগঠন’ বলে অভিযোগ করা হয়েছে৷
টপ নিউজ :
হামাস সংশ্লিষ্টতার অভিযোগ জার্মানিতে ইসলামিক সেন্টার বন্ধ
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৮:২৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- 92
জনপ্রিয় সংবাদ
















