ঢাকা অফিস ॥ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার সমালোচনা করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গাজা যুদ্ধের বর্ষপূর্তির দিন সোমবার মধ্যপ্রাচ্যের ক্যাথলিকদের কাছে এক খোলা চিঠিতে তিনি এ অঞ্চলের চলমান সংঘাতকে ‘বিশ্বের দেশগুলোর লজ্জাজনক অক্ষমতা’ বলে অভিহিত করেছেন। পোপ লেখেন, “এক বছর আগে ঘৃণা মাথা চাড়া দিয়ে ওঠে। কিন্তু এই ভয়াবহ সহিংসতা এখনও কেউ দমাতে পারেনি, বরং সহিংসতা আরও বেশি ছড়িয়ে পড়েছে। “দেখে মনে হচ্ছে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি যেটা কাঙ্খিত- সেই ‘সংলাপ এবং শান্তি’ নিয়ে কেউ তেমন চিন্তা করছে না। এখনও রক্ত ঝরছে, অশ্রু ঝরছে। প্রতিশোধের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গে ক্রোধও বাড়ছে। সহিংসতা কখনও শান্তি বয়ে আনে না। পোপ ফ্রান্সিস সম্প্রতি কয়েক সপ্তাহে হামাস-ইসরায়েলের সংঘাত নিয়ে আরও সরব হয়েছেন। ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনায় আরও সোচ্চার হয়েছেন তিনি। আন্তর্জাতিক সম্প্রদায় এবং সবচেয়ে শক্তিশালী দেশগুলো অস্ত্র পাঠানো বন্ধ করতে এবং যুদ্ধের অবসান ঘটাতে ‘লজ্জাজনক অক্ষমতা দেখিয়েছে’ বলে তিনি উল্লেখ করেন। ৮৭ বছর বয়সী পোপ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার সমালোচনা করে বলেন, বিমান হামলা ‘নৈতিকতার বাইরে’ চলে গেছে। এর আগে গত সেপ্টেম্বরে পোপ লেবাননে ইসরায়েলের কর্মকা- মেনে নেওয়া যায় না উল্লেখ করে যুদ্ধ বন্ধে সম্ভাব্য সব কিছু করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান। সোমবার লেখা চিঠিতে পোপ ফ্রান্সিস সরাসরি গাজাবাসীকে উদ্দেশ্য করে লেখেন, “আমি আপনাদের সঙ্গে আছি, আপনারা প্রতিদিন আমার চিন্তা ও প্রার্থনায় আছেন।” “আমি আপনাদের সঙ্গে আছি, যারা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন, স্কুল ও কাজ ছেড়ে বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়ের জায়গা খুঁজতে বাধ্য হয়েছেন। আমি আপনাদের সঙ্গে আছি, যারা আকাশ থেকে আগুন পড়ার ভয়ে মুখ তুলে তাকাতে ভয় পান।”
টপ নিউজ :
মধ্যপ্রাচ্যে যুদ্ধকে বিশ্বের ‘লজ্জাজনক অক্ষমতা’ বললেন পোপ
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১২:৪৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- 55
জনপ্রিয় সংবাদ
















