মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ২১ আগস্ট চার দিনের সফরে ঢাকায় আসছেন। আর পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে ঢাকায় আসবেন ২৩ আগষ্ট।
ইসহাক দারের দুই দিনের ঢাকা সফর যে ২৩ আগস্ট শুরু হবে, তা অবশ্য আগেই ঠিক হয়ে গিয়েছিল। গতকাল বুধবার পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়েছে, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ২১ থেকে ২৪ আগস্ট ঢাকা সফর করবেন। আগামী সপ্তাহে পাকিস্তানের দুই মন্ত্রীর ঢাকা সফর হবে গত চার মাসের মধ্যে দেশটি থেকে উচ্চ পর্যায়ের তিনটি সফর। এর আগে গত এপ্রিলে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ।
দুই দেশের দেড় দশকের শীতল সম্পর্ক পুনরুজ্জীবনের লক্ষ্যে গত এপ্রিলে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। এরই ধারাবাহিকতায় ইসহাক দার তার সফর সম্পর্ক পুনরুজ্জীবনের পাশাপাশি রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের পর দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব ঢাকায় আসবেন। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেসিসি) বৈঠকে অংশ নিতে তার ঢাকায় আসার কথা রয়েছে।
নিজস্ব সংবাদ : 















