ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের তিনজন উর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। গত ৭ অক্টোবর হামাস কর্তৃক ইসরায়েলে চালানো হামলায় অংশগ্রহনের পরিপ্রেক্ষিতে এই তিনজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। খবর আল জাজিরার।
জাপানের প্রধান মন্ত্রীপরিষদ সচিব হায়াশি ইয়োশিমাসা জানান, এই তিনজনের নামে থাকা সকল সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং তারা যাতে অর্থ বিনিময় করতে না পারেন সে ব্যবস্থা নেয়া হবে।
হায়াশি আরও জানান, নিষেধাজ্ঞার আওতায় আসা তিন ব্যক্তি ভবিষ্যতে আরও হামলা চালানোর পরিকল্পনা করছে বলে জাপান সরকার মনে করে।
হামাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়জন ব্যক্তি এবং একটি কোম্পানির ওপর গেল অক্টোবরে নিষেধাজ্ঞা দেয় টোকিও। এবার তিনজনের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা এলো।
গাজা যুদ্ধ ইস্যুতে জাপান সুক্ষ্ম অবস্থানে থাকার চেষ্টায় রয়েছে টোকিও। এর মাধ্যমে তারা ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহকারী অংশীদারদের সঙ্গে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে।
ইসরায়েলে ৭ অক্টোবরের হামলায় নিন্দা জানান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি হামাসের হাতে জিম্মি থাকা লোকেদের দ্রুত মুক্ত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি গাজায় বেসামরিকদের নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
আন্তর্জাতিক ডেস্ক 















