কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শ্রীরামপুর মোজাদ্দেদীয়া দাখিল মাদ্রাসার আয়োজনে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারী, বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ)-এর জন্ম এবং ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ১২ রবিউল আউয়াল তথা ‘ঈদে মিলাদুন্নবী (সা.)’ উপলক্ষে হামদ, নাত, দোয়া ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল শ্রীরামপুর মোজাদ্দেদীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে ভাবগম্ভীর পরিবেশের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়। শ্রীরামপুর মোজাদ্দেদীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আজিজুল হকের সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের গণিত শিক্ষক নাসির উদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিটন হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ নুরুল ইসলাম।
এসময় বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ)-এর জন্ম এবং ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ১২ রবিউল আউয়াল তথা ‘ঈদে মিলাদুন্নবী (সা.) নিয়ে মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন শ্রীরামপুর মোজাদ্দেদীয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার এমদাদুল হক, ক্রীড়া শিক্ষক মোঃ নুরুল ইসলাম, সহকারী মৌলভী আনিছুর রহমান, সহকারী মৌলভী মাওলানা মোঃ আব্দুস সোবহান, সহকারী মৌলভী মাওলানা শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক(কৃষি) মোঃ আব্দুল হাই, ইংরেজী বিষয়ের শিক্ষক নাহিদা আক্তার, অত্র মাদ্রাসার এবতেদিয়া বিভাগের প্রধান ক্বারী মোঃ আব্দুস সাত্তারসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ, বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। অতিথির বক্তব্যে মিটন হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ নুরুল ইসলাম বলেন, মহানবী হজরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) ছিলেন বিশ্বমানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ। তাঁর জীবনদর্শনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনের সর্বোত্তম ও পরিপূর্ণ আদর্শ নিহিত রয়েছে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় প্রিয়নবীর প্রতি যেমন সর্বোচ্চ ভালোবাসা লালন করতে হবে তেমনি তাঁর সুমহান আদর্শ অনুসরণ, চর্চা ও প্রচার-প্রসারে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শ্রীরামপুর মোজাদ্দেদীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আজিজুল হক তার বক্তব্যে বলেন, মহানবী হজরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করে অনুসরনীয় নজীর স্থাপন করেন। তিনি জীবনাদর্শে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের যথাযথ অধিকার নিশ্চিত করে গেছেন। তাঁর জীবনের প্রতিটি দিকই তাই সকলের জন্য অনুসরণীয়। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল ক্ষেত্রে তিনি সারা দুনিয়ার জন্য শ্রেষ্ঠতম আদর্শ ছিলেন। সর্বত্র রাসুলের (সাঃ) এর জীবনাদর্শ অনুসরণই সকল সমস্যার সমাধান নিহিত রয়েছে। এসময় মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে মহানবী হজরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর জীবনী নিয়ে বক্তব্য, হামদ, নাত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মিটন হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ নুরুল ইসলাম।
নিজস্ব সংবাদ : 














