মিরপুর প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে ফাঁকা ড্রামভর্তি একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বসতঘরে ঢুকে পড়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঘরে ঘুমিয়ে থাকা নাহিদ নামে এক যুবক। রাতে মিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মোশারফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ২২ বছর বয়সী নাহিদ বলেন, ঘটনার সময় আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে গেলে দেখতে পাই পিকআপভ্যানটি আমার ঘরের ভেতরে। কয়েকটি ইট আমার পায়ের ওপর পড়েছে। ঘরের ইটের দেয়াল ও খাটের একপাশ ভেঙে গেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি। পিকআপভ্যানচালকের সঙ্গে থাকা মিনারুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, রোববার রাতে মেহেরপুরের গাংনী থেকে ফাঁকা ড্রামভর্তি একটি পিকআপভ্যান নিয়ে চারজন পাবনার বেড়ায় মাছ আনতে যাচ্ছিলাম। গাংনী থেকেই ড্রাইভার ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন। ব্যাপারটি বুঝতে পেরে খলিষাকুন্ডিতে গাড়ি থামিয়ে তাকে ঘণ্টাখানেক ঘুমানোর জন্য বলি। মিনারুল ইসলাম আরো বলেন, খলিষাকুন্ডিতে ঘণ্টাখানেক ঘুমানোর পর রাত আড়াইটার দিকে মিরপুর বাজার পার হয়ে ডানে মোড় নেয়ার সময় পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মোশারফপুর এলাকায় সড়কের পাশে একটি বাড়ির ঘরের ভেতরে ঢুকে পড়ে। ঘটনার পর চালক আহম্মদ আলী গাড়ি ফেলে পালিয়ে যান। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাড়ির মালিক হাফিজুল ইসলাম বলেন, পাশের ঘরেই আমি ঘুমিয়ে ছিলাম। অর্ধেক রাতে হঠাৎ পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়াল ভেঙে ছেলের ঘরে ঢুকে পড়ে। অল্পের জন্য ছেলেটা প্রাণে বেঁচে গেছে। আমি কৃষক মানুষ। যে ক্ষতি হয়েছে তা পূরণ করার ক্ষমতা আমার নেই। এলাকাবাসী গাড়িতে থাকা লোকদের সঙ্গে কথা বলেছে। ক্ষতিপূরণ পেলে কিছুটা গুছিয়ে নিতে পারব। মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, দুর্ঘটনার বিষয়ে লোক মারফত জানতে পেরেছি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত এ বিষয়ে অভিযোগ পাইনি।
টপ নিউজ :
মিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যান বসতঘরে
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০১:১৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- 162
জনপ্রিয় সংবাদ















