কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়া ইসলামিয়া কলেজের নতুন পরিচালনা পর্ষদ গঠনের জন্য জেলা প্রশাসককে সভাপতি করে এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে কুষ্টিয়া জেলা যুবদলের সাধারন সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিনকে।
গত ১৭ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিচালক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্রে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ৫ সদস্যের কমিটিতে সদস্য সচিব থাকবেন কলেজের অধ্যক্ষ, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন শিক্ষক প্রতিনিধি, দাতা ও হিতৈষীদের মধ্যে থেকে একজন। এ কমিটি ৬ মাসের দায়িত্ব পালন করবেন। এ সময়ের মধ্যে নতুন পরিচালনা পর্ষদ গঠনের জন্য দায়িত্ব পালন করবেন তারা।
উল্লেখ, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ জেলার গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান। আওয়ামী লীগ সরকারের সময় কলেজের ফান্ড থেকে কোটি কোটি টাকা লুটে নিয়েছেন তৎকালীন সভাপতি ও অধ্যক্ষসহ কয়েকজন নেতা। এসব নিয়ে সাবেক অধ্যক্ষ নাওয়াব আলীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বর্তমান অধ্যক্ষ নানা অনিয়মে জড়িয়ে পড়ার কারনে তারও বেতন বন্ধ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। কলেজের পাঠদান ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এ অবস্থায় নতুন কলেজের পাঠদান ব্যবস্থায় শৃংখলা ফিরিয়ে আনার পাশাপাশি সব অনিয়ম, দুর্নীতি দূর করা হবে বড় চ্যালেঞ্জ। বিদ্যোৎসাহী সদস্য কামাল উদ্দিন বলেন, অতীতের সকল অনিয়ম দূর করে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে দায়িত্ব পালন করব। অতীতের যেসব অনিয়ম হয়েছে তার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবার সহযোগিতা চান।
নিজস্ব সংবাদ : 














