নিজ সংবাদ ॥ কুষ্টিয়া পৌরসভার ১৫নং ওর্য়াডের রাস্তা মেরামত ও অতিরিক্ত বালুবাহী অবৈধ ড্রাম ট্রাক (রেজিস্ট্রেশন বিহীন) চলাচল বন্ধের দাবীতে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বিলবোর্ড স্থাপন করেছে এলাকাবাসি। গত বুধবার সকালে ড. আনোয়ারুল করীম সড়কের কানাবিলের মোড়ে মানববন্ধন শেষে দুইটি বিলবোর্ড স্থাপন করেন তারা। এই মানববন্ধনে আইনজীবি, শিক্ষক-শিক্ষার্থী সহ শতাধিক মানুষ অংশ নেন। বিলবোর্ডে লেখা হয়েছে, বিসমিল্লাহির রহমানি রহিম। কুষ্টিয়া পৌরসভার ১৫-১৬ নং ওয়ার্ডবাসীর দূর্ভগ লাঘবে জেলা প্রশাসক মহোদয়ের প্রতি অত্র এলাকার সচেতন নাগরিকবৃন্দ ও সর্বস্তরের ছাত্র-ছাত্রীদের প্রাণের দাবী। অনতিবিলম্বে সকল রাস্তা মেরামত করতে হবে। অবৈধ ড্রাম ট্রাক ও অতিরিক্ত বালুবাহী ট্রাাক চলাচল বন্ধ করতে হবে। অবৈধভাবে বালি উত্তোলনকারী জুগিয়া বালিঘাট বন্ধ করতে হবে। প্রচারে: এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। জানা গেছে, গত ১৫ বছর ধরে জুগিয়া ও গোপিনাথপুর মৌজায় গড়াই নদী থেকে সরকারী নির্দেশনা উপেক্ষা করে বালু উত্তোলন করে চলেছেন আওয়ামী লীগের নেতা শেখ মহিদুল ইসলাম। সম্প্রতি বাংলা ১৪৩১ সনের জন্য গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ শীর্ষক প্রকল্পের আওতায় জুগিয়া ও গোপিনাথপুর মৌজায় নদী তীরে স্তুপিকৃত বালু (ডাইক-১ ও ২) অপসরারণের কার্যাদেশ পান সদ্য সাবেক পৌর কাউন্সিলর ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেসার্স মেহেদী এন্টারপ্রাইজের প্রোপাইটার শেখ মহিদুল ইসলাম। এ সময় কার্যাদেশে কিছু শর্ত দেওয়া হয়। এসব শর্তের মধ্যে রয়েছে, বালু পরিবহণের সময় ব্যবহৃত ট্রাকে/বালুবাহী পরিবহনে ওভারলোড দেয়া যাবে না এবং পরিবহনকৃত বালু কাপড় বা ত্রিপল দিয়ে ঢেকে নিতে হবে। পরিবহন করার সময় বাপাউবোর বাঁধ অথবা রাস্তা ঘাটের ক্ষতি হলে নিয়োজিত ঠিকাদারকে নিজ খরচে মেরামত করতে হবে। দুর্ঘটনা এড়ানোর জন্য বালু পরিবহন করার সময় গাড়ীর গতি সীমিত রাখতে হবে। কিন্তু এসব শর্তের কিছুই মানেননি তিনি। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর ২৯ সেপ্টেম্বর বালু মহাল কেন্দ্রিক দুর্ভোগ থেকে মুক্তি পেতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন এলাকাবাসী। এতে ক্ষিপ্ত হয়ে নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে স্বারক লিপি সংশ্লিষ্টদের বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে। এলাকাবাসি জানিয়েছে, ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলাম ইজারা সূত্রে জুগিয়া এলাকায় গড়াই নদী থেকে ডেজিং করা বালু বিক্রি করে আসছেন। ওই বালুঘাট থেকে বেশিরভাগই রেজিস্ট্রেশন বিহীন অবৈধ ড্রাম ট্রাকে করে বিভিন্ন এলাকায় বালু নিয়ে যান ঠিকাদাররা। বালু বহনকারী এসব ড্রাম ট্রাক নামকাওয়াস্তে পলিথিন বা ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়। ফলে ট্রাক থেকে বালু উড়ে রাস্তার দুপাশে বাড়ি-ঘরে প্রবেশ করে। হালকা যানবাহন চলার উপযোগী ড. আনোয়ারুল করীম সড়কে কমপক্ষে ৫০ টন ওজনের বালু বাহি অবৈধ ড্রাম ট্রাক চলাচল করায় রাস্তাটি লন্ডভন্ড হয়ে গেছে। রাস্তার উপর কোথাও কোথাও ছয় থেকে আট ইঞ্চি পুরো বালুর আস্তরণ পড়েছে। সামান্য বৃষ্টি হলে পুরো রাস্তায় আধ হাঁটু কাদা হয়। আওয়ামী লীগ নেতা মহিদুল এর ভয়ে ভীত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন, গত ১৫ বছর ধরে জুগিয়া ও গোপিনাথপুর মৌজায় গড়াই নদী থেকে সরকারী নির্দেশনা উপেক্ষা করে বালু উত্তোলন করে চলেছেন ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ও সদ্য সাবেক পৌর কাউন্সিলর শেখ মহিদুল ইসলাম। কুষ্টিয়া শহরের কানাবিল মোড় থেকে শুরু করে জুগিয়া ভাটাপাড়া এলাকার মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বালুবাহী এসব অবৈধ ড্রাম ট্রাক। অবৈধ বালুবাহী ড্রাম ট্রাকের দাপটে নাজেহাল ১৫নং ওয়ার্ড এলাকার মানুষ। তারা আরো বলেন, ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের পর এলাকাবাসী মনে করেছিল নতুন অন্তবর্তী সরকারের আমলে তারা এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন। এই আশায় জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি দেন তারা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এলাকাবাসির এই উদ্যোগের পর মহিদুল ও তার বাহিনী আরো বেপরোয়া হয়ে উঠেছে। গত ২ অক্টোবর একটি হত্যা মামলায় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। সেই একই মামলার আসামী মহিদুল প্রকাশ্যে এলাকায় ঘুরে জনগনকে হুমকি-ধামকি দিচ্ছে। অবিলম্বে একাধিক মামলার আসামী মহিদুলকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান তারা। এ ব্যাপারে ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদ্য সাবেক পৌর কাউন্সিলর শেখ মহিদুল ইসলামের মোবাইলে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।
টপ নিউজ :
কুষ্টিয়ায় রাস্তা মেরামত ও অতিরিক্ত বালুবাহী অবৈধ ড্রাম ট্রাক চলাচল বন্ধের দাবীতে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বিলবোর্ড
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১১:৪৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
- 46
জনপ্রিয় সংবাদ















