কুষ্টিয়া প্রতিনিধি ॥ ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (ডিডিএম) কুষ্টিয়ার সহযোগিতায় গতকাল রবিবার সকাল ১০টায় কালেক্টরেট চত্বরে বর্ণাঢ্য র্যালী শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছাঃ শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সাইদুর রহমান। সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ। গত দুই দশকে এ ভূখন্ডে ১৮৫টি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠী। এদিকে পূর্বাভাস ও পূর্ব প্রস্তুতির কারণে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা গেলেও প্রতিনিয়ত চরিত্র বদলাচ্ছে দুর্যোগের। এছাড়া নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ভূমিকম্প, বজ্রপাত ও মানবসৃষ্ট দুর্যোগ। দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল কাঠামো গঠনের পাশাপাশি স্মার্ট প্রযুক্তি ব্যবহারে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। অনুষ্ঠানটির সার্বিক বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন কুষ্টিয়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান।
টপ নিউজ :
কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১২:৪৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- 39
জনপ্রিয় সংবাদ















