জীবননগর প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে অস্ত্রের মুখে জিম্মি করে গণডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় সড়কে বেরিকেড দিয়ে ঘণ্টাব্যাপী ২৫-৩০টি গাড়ি থামিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। এছাড়াও পথচারী ও কয়েকজন গাড়িচালককে কুপিয়ে জখম করে ডাকাত দলের সদস্যরা। আহতরা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ডাকাতির ঘটনায় বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল পরির্দশন করেছেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাতেই এ ঘটনায় ডাকাত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা ও আহতরা জানায়, জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের কনটেক মিল সংলগ্ন সড়কের উপর খেজুর গাছ ও বৈদ্যুতিক পোল রেখে বেরিকেড দেয় ডাকাত দলের সদস্যরা। ওই ডাকাত দলে ১৫-১৬ জন সদস্য ছিল। তাদের সবার মুখ গামছা ও মাফলার দিয়ে ঢাকা ছিল। অধিকাংশ সদস্য হাফপ্যান্ট ও লুঙ্গি পরিহিত ছিল। এসময় ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও গাড়ি চালকদেরকে দেশীয় অস্ত্র রাম দা ও হাসুয়া দিয়ে জিম্মি করে মোবাইল, টাকা লুট করে। কয়েকজনকে রাম দা দিয়ে কুপিয়ে জখমও করে তারা। সবার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় ডাকাতদল। ডাকাত দলের হাতে আহত ট্রাকচালক আব্দুল ওয়াহেদ বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড থেকে আন্দুলবাড়ীয়া হয়ে জীবননগরে ফিরছিলাম। এসময় সন্তোষপুর কনটেক মিলের নিকট পৌঁছালে সড়কে গাছ ও বৈদ্যুতিক পোল দেখে গাড়ি থামায়। গাড়ি থামাতেই কয়েকজন এসে অতর্কিতভাবে আমার উপর হামলা চালায়। আমার হেলপার রাজু তাদের ঠেকাতে গেলে তাকেও আহত করে। আমার কাছে থাকা ভাড়ার ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ডাকাত দলের শিকার মোটরসাইকেল চালক আশিকুজ্জামান নামের এক যুবক বলেন, এই সড়কটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পর এমন একটি পরিস্থিতির সম্মূখিন হতে হবে ভাবতে পারিনি। বৃহস্পতিবার রাতে শিয়ালমারী পশুহাট থেকে ফিরছিলাম। গরু কিনেছিলাম তাই কাছে তেমন টাকা ছিল না। টাকা না দেয়ায় আমাকে বেধড়ক মারপিট করে তারা। এ বিষয়ে জানতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ডাকাতির খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে পুলিশ গেছে। তার আগেই ডাকাত সদস্যরা পালিয়ে গেছে। আমরা কাজ করছি। ডাকাতির ঘটনায় কারা জড়িত রয়েছে তা বের করা হবে। রাতেই শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ডাকাত সন্দেহে ফারুক হোসেন (৪০) নামে একজনকে আটক করা হয়েছে তার নামে ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে। চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা জানান, ডাকাত দলের সদস্যদের ধরতে আমরা কাজ শুরু করেছি। রাতেই আমিসহ পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতির ঘটনায় কারা কারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে ডাকাত সন্দেহে ফারুক হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
টপ নিউজ :
জীবননগরে সড়কে গণডাকাতি, কুপিয়ে জখম, আটক-১
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৭:৫৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
- 80
জনপ্রিয় সংবাদ

















