কুষ্টিয়া জেলা কারাগারে আরিফুল ইসলাম (২৮) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮ টার দিকে তিনি মারা যান। নিহত আরিফুল ইসলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের রাজীনাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।
তিনি একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হয়ে ২০১৯সাল থেকে কুষ্টিয়া জেলা কারাগারে বন্দী ছিলেন।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, মঙ্গলবার রাতে কারাগারের ভেতরে আরিফুল হঠাৎ হৃদযন্ত্রে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই ওইকয়েদীর মৃত্যু হয়েছে।
জেল সুপার শরিফুল আলম আরও জানান, মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডেস্ক রিপোর্ট 
















