ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ৮টায় শুরু হওয়া এই ভোট চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এই ধাপে দেশের ৬০টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, আজকের ভোটযুদ্ধের মধ্যদিয়ে এবারের উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ২০টি উপজেলায় আগামী ৯ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চতুর্থ ধাপে ৬০টি উপজেলায় একজন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫১, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জনসহ মোট ৭২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সবমিলিয়ে এই ধাপে মোট ভোটার ২ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ২৫৫ জন। আর ভোটকেন্দ্র রয়েছে ৭ হাজার ৮২৫টি। নির্বাচনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকছে ১৬৬ প্লাটুন বিজিবি।
ডিপি ডেস্ক 










