নিজ সংবাদ ॥ ৫ আগস্ট কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় আরো একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আন্দোলনে অংশ নেয়া উসামা বিন জয়নাল আবেদীন (১৪) নামে এক কিশোর নিহতের ঘটনায় মামলাটি দায়ের করেন কুষ্টিয়ার এক মসজিদে ইমাম জয়নাল আবেদীন। তিনি কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের বাসিন্দা। তবে এই মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামী করা হয়নি। অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের হয় শনিবার রাত পৌনে ১১টার দিকে। মামলার বিবরণে জানা গেছে গত ৫আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যান্যের মত স্বস্তিপুর ইসলামীয় দাখিল মাদ্রাসা ছাত্র উসামা বিন জয়নাল আবেদীনও অংশ নেয়। ওইদিন দিনভর উত্তেজনা ছিল কুষ্টিয়া শহর। বিশেষ করে শহরের ছয় রাস্তার মোড় হতে বক চত্বর রণক্ষেত্রে পরিনত হয়। আনুমানিক পৌনে ৪টার দিকে উসামা বিন জয়নাল আবেদীন ছয় রাস্তার মোড় হতে থানা মোড় বকচত্বরের দিকে যাবার পথে রোটারী চক্ষু হাসপাতালের সামনে সড়কে পৌছলে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের মুখোমুখি হয়। এতে উভয় পক্ষের সাথে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের ছোঁড়া গুলিতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে উসামা বিন জক্ষয়নাল আবেদীন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উসামা বিন জয়নাল আবেদীনকে মৃত ঘোষণা করেন। এঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে ২৪ আগস্ট রাতে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মাদ্রাসা ছাত্রের বাবা জয়নাল আবেদীন। মামলা নং-২৪/৩২৬, ধারা-১৪৩/৩০২/৩৪। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্য মাহফুজুল হক চৌধুরী জানান ২৪ আগস্ট শনিবার কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। গত ৫আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর এলাকার মাদ্রাসা ছাত্র উসামা বিন জয়নাল আবেদীন হত্যার ঘটনায় মামলাটি দায়ের করেন তার বাবা জয়নাল আবেদীন।
টপ নিউজ :
কুষ্টিয়ায় ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
এবার মাদ্রাসা ছাত্র হত্যা মামলা, আসামী অজ্ঞাত
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০১:০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
- 46
জনপ্রিয় সংবাদ










