সব আলোচনার আর উৎকণ্ঠা প্রহর শেষে এবার অপেক্ষা ভোট উৎসবের। আগামীকাল (৯ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ প্রস্তুতির কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে যেকোনো পদক্ষেপে নেবে পুলিশও।
চব্বিশের ৫ আগস্টের পর গণতন্ত্রে ফেরার যে তীব্র আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে তার প্রথম লিটমাস টেস্ট। ক্যাম্পাসের উত্তাপ, গণমাধ্যমে আলোচনা সবমিলিয়ে ৯ সেপ্টেম্বর দেশবাসীর চোখ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
কিছু শিক্ষার্থী অতীতের অভিজ্ঞতা থেকে শঙ্কা করছেন ভোটের দিন বিশৃঙ্খলার। আবার অনেকে বিশেষ করে যারা নতুন ভোটার তাদের শঙ্কার চেয়ে উৎসাহ বেশি।
শিক্ষার্থীরা বলেন, আগে তো ভয়ভীতি থাকতো নির্বাচনে কোনো মারামারি হবে কিনা। জাতীয় নির্বাচনে আমরা এখন পর্যন্ত ভোট দিতে পারিনি। ডাকসুতে ভোট দিতে পারবো সেজন্য আমরা সন্তুষ্ট। আমরা আশা করছি এবার খুবই উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবো।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুত তারা। ক্যাম্পাসের অভ্যন্তরীণ নিরাপত্তায় থাকবে শিক্ষক ও শিক্ষার্থীদের তত্ত্বাবধান, আর সহযোগিতা করবে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, আমাদের পুরো বিশ্ববিদ্যালয় নিরাপত্তার চাদরে ডেকে রাখা আছে। আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য শিক্ষক ও ছাত্রছাত্রী এ দুটা পক্ষই যথেষ্ট। বহিরাগতরা এসে যেন এখানে কোনো সহিংসতা করতে না পারে সেজন্য পুলিশের সহযোগিতা প্রয়োজন।
অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, ডাকসু নির্বাচন ঘিরে যেকোনো ধরনের সহিংসতা বা অস্থিরতা মোকাবিলায় তারা প্রস্তুত।
ডিএমপির ডিসি তালেবুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের এলাকায় আমাদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার যে কার্যক্রম সেগুলো কার্যকর রয়েছে। এবং ডাকসু নির্বাচনের পূর্বে, নির্বাচনের দিন এবং পরের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্থিতিশীল থাকে তার জন্য আমরা কাজ করছি।
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকলেও, শিক্ষার্থীদের প্রত্যাশা ভোট যেন সত্যিকার অর্থেই পরিণত হয় গণতান্ত্রিক উৎসবে।
শিক্ষার্থীরা আরও বলেন, ৯ তারিখ অবশ্যই প্রত্যাশা করি একটা সুস্থ স্বাভাবিক নির্বাচন হবে। যেই হারুক বা যেই জিতুক একটা সৌহাদ্যপূর্ন সম্পর্ক যেন সবার মধ্যে থাকে এটাই প্রত্যাশা।
ডাকসু নির্বাচনে আজ রাত ৮টা থেকে ৩৪ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে নেয়া হবে ডাকসু ও হল সংসদের ভোট।
ডেস্ক রিপোর্ট 










