বিগত ১৬ বছর ধরে উন্নয়নের নামে দেশে কেবল লুটপাট হয়েছে উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই সরকারকেও দেশের নামে লুটপাটের কোনো নতুন গল্প রচনা করতে দেয়া হবে না। অবিলম্বে গণঅভ্যুত্থানের রায় অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে নেত্রকোনার মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে এনসিপির পদযাত্রা শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জেলার হাওরাঞ্চল খালিয়াজুরী ও মোহনগঞ্জ উপজেলায় পদযাত্রা করেন।
পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপি সংসদে এবং সংসদের বাইরে সবখানেই আছে। অবিলম্বে গণঅভ্যুত্থানের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। আইনশৃঙ্খলা পরিবেশ ঠিক করতে হবে। এক কোটি কর্মসংস্থান আমরা অক্ষরে অক্ষরে সরকারের কাছ থেকে আদায় করে নেব।’
সম্প্রতি রাষ্ট্রপতির পদত্যাগের খবরের প্রতি ইঙ্গিত করে বিরোধীদলীয় এই চিফ হুইপ বলেন, ‘আজকে আমরা একটা খবর দেখেছি। শারীরিক অসুস্থতা দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ। কিন্তু আমরা জানি খেলাটা কী! বিএনপি সরকার তার পরিকল্পনা মাফিক এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে। এই সরকার নির্বাচিত হওয়ার পরপরই উচিত ছিল ফ্যাসিবাদের দোসর, দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে অপসারণ করার। আমরা বলেছিলাম তাকে পদত্যাগের সুযোগ না দিয়ে অপসারণ করে গ্রেফতার করা। কিন্তু তারা তা করেনি।’
সতর্কবার্তা উচ্চারণ করে তিনি আরও বলেন, ‘শারীরিক অসুস্থতার নামে বা কোনো ধরনের অজুহাতে ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুকে কোনো ধরনের সেফ এক্সিট বা বিদেশে পালাতে দেয়া যাবে না। সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সরকারকে অনতিবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে।’
ফ্যাসিবাদী শাসনামলের সব অপরাধের বিচারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদের রাষ্ট্রপতিসহ দুর্নীতি ও যে গণহত্যা হয়েছিল, তার সকল কিছুর বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে। ওসমান হাদীর হত্যার খুনিদের বিচারও এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে। জুলাইয়ের শহীদদের প্রতি আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট আমাদেরকে পালন করতে হবে।’
এর আগে পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক সারজিস আলম আগামী স্থানীয় সরকার নির্বাচনে নেত্রকোনা পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নেতা মো. সোহাগ মিয়া প্রীতম সোহাগের হাত তুলে তাকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
ডেস্ক রিপোর্ট 










