আগামী ৭ জানুয়ারি ভোটবর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠন। এ সময় আওয়ামী লীগের ঘোষিত ইশতেহারকে প্রত্যাখ্যান করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির দ্বিতীয় দিনে আজ বুধবার (২৭ ডিসেম্বর) এ কর্মসূচি পালন করছেন দলটির নেতাকর্মীরা।
কর্মসূচির অংশ হিসেবে দুপুরে জাতীয় প্রেসক্লাব এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান লিফলেট বিতরণ করেন।
এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় নেতা তাহসিনা রুশদীর লুনা, শিরীন সুলতানা, অপর্ণা রায়, রেহেনা আক্তার রানু, আশিফা আশরাফি পাপিয়া, নিলোফার চৌধুরী মনি, ফরিদা ইয়াসমিন প্রমুখ।
আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সেলিমা রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ মানে আপনার সুবিধাভোগী কিছু লোকজন আছে, তারা সুবিধা ভোগ করবে। আর সাধারণ মানুষ অ্যানালগের মধ্যে ধুঁকে ধুঁকে মরবে-যা এখন হচ্ছে। আওয়ামী লীগের এই ইশতেহার আমরা প্রত্যাখ্যান করছি।
প্রসঙ্গত, আজ বুধবার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ। সকালে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠান থেকে এই ইশতেহার ঘোষণা করেন দলটির সভাপতি শেখ হাসিনা।
নিজস্ব সংবাদ : 
















