রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ীতে একটি গার্মেন্ট কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো শ্রমিকদের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে এই ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগুনে নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করে তিনি এ ঘটনাকে ‘বেদনাদায়ক ও মর্মান্তিক’ বলে উল্লেখ করেন।
রিজভী বলেন, এই ঘটনার একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত জরুরি। দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক—এই দাবি আমরা জানাচ্ছি।”
সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর শিয়ালবাড়ীর ৩ নম্বর সড়কে অবস্থিত একটি পোশাক কারখানা এবং রাস্তার বিপরীত পাশে থাকা একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানানো হয়, কারখানার পাশের রাসায়নিকের গুদামে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে বিষাক্ত সাদা ধোঁয়া, যা ছিল অত্যন্ত প্রাণঘাতী এবং অনেক শ্রমিক দ্রুতই এতে অচেতন হয়ে পড়েন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঘটনাস্থলে আয়োজিত এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, রাসায়নিক গুদামের ভেতর বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়া গ্যাস অত্যন্ত বিষাক্ত ছিল, যা প্রাণঘাতী হিসেবে কাজ করেছে।
ঘটনার পরপরই বিএনপির নেতারা ঘটনাস্থলে পৌঁছান এবং নিহতদের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। দলটি মনে করে, এ ধরনের শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা ও রাসায়নিক ব্যবস্থাপনা যথাযথ না থাকার কারণেই এই ধরণের দুর্ঘটনা ঘটছে।
রিজভী বলেন, শ্রমিকদের জীবনের কোনো নিরাপত্তা নেই। এটি কেবল একটি দুর্ঘটনা নয়, এটি অবহেলার ফল।
বিএনপির পক্ষ থেকে নিহত প্রতিটি পরিবারের হাতে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও তিনি দেন।
ডেস্ক রিপোর্ট 










