বিনোদন প্রতিবেদক ॥ ঢালিউড নায়িকা পরীমনির প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। মুক্তি উপলক্ষে গত মঙ্গলবার বিকালে হইচইয়ের পক্ষে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সেখানেই উপস্থিত ছিলেন পরীমনি, পরিচালক অনম বিশ্বাসসহ আরো অনেকে। সিরিজটিতে পরীমনিকে দেখা যাবে একজন মায়ের চরিত্রে যার নাম সুপ্তি। স্ক্রিপ্ট পড়ার পর থেকেই কাজটি নিয়ে বেশ এক্সাইটেড ছিলেন তিনি। সিরিজটি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আমি ছাড়া সুপ্তি চরিত্রটি হতো না। সুপ্তিকে আমার দরকার হতো। অন্তত আমার জীবনে একটা ক্ষুধা, আকাক্সক্ষা থেকে যেত যে আমি সুপ্তি চরিত্রটি করতে পারিনি। আমি জীবনে কোনো আফসোস রাখতে চাই না। তাই চরিত্রটি করে ফেলেছি।’ এ সময় পরীমনি আরো বলেন, ‘নায়িকা-টায়িকা বুঝি না। আমি একজন মানুষ। মানুষ হয়ে আসছি, মানুষ হয়ে যেতে চাই। মাঝখানে যা যা হয়েছে, তার মধ্যে কোনো রাখঢাক আমি রাখতে চাই না। যেমন এই প্রেম বলো, বিয়ে বলো, বাচ্চা বলো, ডিভোর্স বলো এবং বুড়ো হওয়ার ব্যাপারটা বলো- এই বয়স লুকানোটা আমার কাছে অনেকটা আরোপিত বিষয় মনে হয়। আমি কোনো কিছু লুকাতে চাই না, আমি যা, আমি তাই।’ সিরিজটিতে পরীমনির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মোস্তাফিজুর নুর ইমরান। আগামী ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে ‘রঙিলা কিতাব’।
টপ নিউজ :
নিজস্ব সংবাদ : 
















