৪৮তম বিশেষ বিসিএসে চিকিৎসকের পদ বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (২৯ অক্টোবর) উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া এবং বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসকের সংকট দূরীকরণের লক্ষ্য নিয়ে ৪৮তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৬ জন সহকারী সার্জন ও ২৮০ জন সহকারী ডেন্টাল সার্জনসহ সর্বমোট ৩ হাজার ২৮৬ জন চিকিৎসককে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ইতোমধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং পুলিশ ভেরিফিকেশন শেষে খুব শিগগিরই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে।
উল্লেখ করা হয়, ৪৪তম, ৪৫তম, ৪৬তম ও ৪৭তম বিসিএস এই চারটি নিয়মিত বিসিএসের কার্যক্রম চলমান থাকা সত্ত্বেও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ হিসেবে বর্তমান অন্তর্বর্তী সরকার ৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষা-২০২৫ আয়োজন করে। মাত্র পাঁচ মাসে এ নিয়োগপ্রক্রিয়া শেষ হওয়ার পথে, যা বিসিএসের ইতিহাসে দ্রুততম বলে দাবি করা হয়েছে।
আরও বলা হয়, প্রথমে ৩ হাজার পদের চাহিদা পাঠানো হলেও পরবর্তীতে অতিরিক্ত ৫০০ পদ বাড়ানোর অনুরোধ করা হয়। তবে বর্তমানে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জনের ৪ হাজার ৮৩৭টি এবং সহকারী ডেন্টাল সার্জনের ১৫০টি পদ শূন্য রয়েছে। চলমান বিসিএসগুলোতে আরও ৪ হাজার ৫২৩ জন চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন। নতুন নিয়োগপ্রাপ্তরা যোগদান করলে শূন্যপদ থাকছে না বলে উল্লেখ করা হয়।
এছাড়া ৪৮তম বিশেষ বিসিএসে অংশ নিয়েছিলেন প্রায় ৪১ হাজার চিকিৎসক। নির্বাচিত না হওয়া প্রার্থীদের সঙ্গে অতিরিক্তভাবে নতুন স্নাতক হওয়া প্রায় ৫ হাজার চিকিৎসক যুক্ত হওয়ায় বর্তমানে অপেক্ষমান প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৩ হাজার। ন্যায়বিচার নিশ্চিত করা এবং সরকারি চাকরির সুযোগ বণ্টনের ভারসাম্য রক্ষার স্বার্থে এ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই বলে জানায় মন্ত্রণালয়।
ডেস্ক রিপোর্ট 










