পরিবেশ রক্ষায় তরুণদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করার সঙ্গে সঙ্গে একটি করে বৃক্ষ রোপণ করুন। তাহলেই প্রযুক্তির ব্যবহার যেমন হবে, তেমনি সবুজ বাংলাদেশ গড়ার কাজেও সবাই অংশ নিতে পারবেন।”
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল— “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।”
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কর্মসূচি সফল করতে দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নদী ও বৃক্ষ প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। নদীকে টিকিয়ে রাখতে নদীর তীরজুড়ে সবুজায়নের উদ্যোগ নেওয়া হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
উদ্বোধন শেষে সরকারি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট 










