রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সংশ্লিষ্ট সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ভোট ও সবার নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাস ও এর বাইরে ২ হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এম নজরুল ইসলাম এসব তথ্য জানান।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার জানান, ৯টি ভবনে ১৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। রাকসুর ২৩টি পদে প্রার্থী ৩০৫ জন, সিনেটে ৫টি পদে প্রার্থী ৫৮ জন এবং হল সংসদে ২৫৫টি পদে প্রার্থী ৫৫৫ জন। মোট প্রার্থী ৮৬০ জন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। ভোটার সংখ্যা অনুযায়ী ২৮ হাজার ৯০১টি ব্যালট পেপারই ছাপানো হয়েছে। ভোটারদের মধ্যে নারী ভোটার ৩৯ দশমিক ১ শতাংশ এবং পুরুষ ভোটার ৬০ দশমিক ৯ শতাংশ।
ভোটগ্রহণ পরিচালনা করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। মোট ২১২ শিক্ষক দায়িত্ব পালন করবেন, যার মধ্যে ১৭টি কেন্দ্রে ১৭ জন প্রিসাইডিং অফিসার ও বাকিরা সহকারী প্রিসাইডিং অফিসার। এছাড়া ৯১ জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
নির্বাচনের ফলাফল প্রস্তুতের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের প্রত্যাশা, নব প্রার্থী, সমর্থক ও ভোটাররা নির্বাচনের নিয়ম মেনে চলবেন এবং একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখবেন।
লিখিত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, সুদীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। রাকসু নির্বাচন আমাদের গৌরবময় ঐতিহ্যের প্রতীক। এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব বিকাশ ও দায়িত্ববোধ গঠনের এক অসাধারণ সুযোগ এনে দিচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া। এ জন্য প্রতিটি ধাপে নির্বাচনকে বিতর্কমুক্ত রাখতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি কার্যক্রম সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে।
এদিন সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রধান নির্বাচন কমিশনসহ সব নির্বাচন কমিশনার ও প্রধান রিটার্নিং কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট 










