ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
৩০ ডিসেম্বর, শনিবার বিকেলে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঘোষপালা গ্রামের জামাল উদ্দিন (৩২), তার মা আনোয়ারা বেগম (৬৫), শিশু কন্যা আনিকা আক্তার (৪) ও মোছা. ফাইজা (৬)।
নান্দাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া জানান, মারা যাওয়া জামাল উদ্দিন অসহায় দরিদ্র পরিবারের সন্তান। অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। নিজের বসত ঘরেই অটোরিকশা চার্জ দিতেন। আজ বিকেল ৩টার দিকে জামাল উদ্দিন ঘর থেকে অটোরিকশা বের করতে যান। অসাবধানতায় অটোরিকশাটি বিদ্যুৎতায়িত হয়ে জামাল উদ্দিন বিদ্যুস্পৃষ্ট হন। চিৎকার শুনে জামাল উদ্দিনকে বাঁচাতে তার মেয়ে আনিকা ও ফাইজা দৌড়ে বাবার কাছে গেলে তারাও বিদ্যুতায়িত হয়। এ সময় জামাল উদ্দিনের মা আনোয়ারা বেগম ছেলে ও নাতিদের ধরলে তিনিও ঘটনাস্থলে মারা যান।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যুর খবর শুনেই আমরা ঘটনাস্থলে যাই। লাশগুলো উদ্ধার করা হয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিজস্ব সংবাদ : 










