নগর জীবনে মধ্যবিত্তের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সামগ্রির ওপর ভ্যাট বাড়ছে। এয়ারকন্ডিশনার (এসি) ও কম্প্রেসরের ভ্যাট এক লাফে দ্বিগুণ করা হচ্ছে। আগে ৭.৫০ শতাংশ থাকলেও এখন ১৫ শতাংশ করা হচ্ছে।
আজ সোমবার (২ জুন) আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এয়ারকন্ডিশনারের ওপর ভ্যাট বাড়ানোর এই নতুন প্রস্তাব করা হয়েছে।
নির্বাচিত সরকার না থাকায় আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিটিভির মাধ্যমে আজ বিকেল ৩টায় দেশবাসীর কাছে তুলে ধরেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
প্রতিবছর সাধারণত জুন মাসের প্রথম বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। এবছর ৫ জুন প্রথম বৃহস্পতিবার হলেও ওই দিন থেকে ঈদের সরকারি ছুটি শুরু হওয়ায়, আজ সোমবার ২ জুন বাজেট ঘোষণা করা হয়।
সব সময়ই বাজেট ঘোষণার দিন থেকেই প্রস্তাবিত অর্থবিল কার্যকর করে থাকে সরকার।
এবারও বাজেট প্রস্তাবের দিন থেকেই রাজস্ব খাতে প্রস্তাবিত কর, ভ্যাট ও শুল্কহারগুলো কার্যকর করা হবে।
নিজস্ব সংবাদ : 










