বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে সারাদেশের মত খুলনাতেও আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় নগরীর শিববাড়ি মোড়ে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় ঢাকায় সমাবেশে শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানান তারা।
এ সময় শিক্ষকরা বলেন, এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন। তাদের যে বাড়ি ভাড়া বা চিকিৎসা ভাতা দেয়া হয় তা পর্যাপ্ত নয়। তাই তাদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা দিতে হবে। এছাড়াও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান করতে হবে। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা ক্লাসে ফিরবেন না বলে জানান তারা।
এদিকে, তিন দফা দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে তিন দফা দাবি আদায়ে শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। এরই ধারাবাহিকতায় চতুর্থ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
শিক্ষক নেতাদের ভাষ্য, সরকারের পক্ষ থেকে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন এবং শিক্ষা জাতীয়করণের রূপরেখা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে আন্দোলন আরও জোরদার করা হবে।
ডেস্ক রিপোর্ট 










