ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাকের ধাক্কায় ছোয়াব মিয়া (৫৫) নামে এক জুলাই শহিদের বাবা নিহত হয়েছেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ হওয়া মোনায়েল আহমেদ ইমরানের (১৫) বাবা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার ধরন্তী নামক স্থানে নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছোয়াব মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুরের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরাইল উপজেলার কুট্টাপাড়া মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিতে নাসিরনগর থেকে মোটরসাইকেলে যাচ্ছিলেন ছোয়াব মিয়া। ধরন্তী যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের ধাক্কায় নিহত হন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপি সভাপতি এম এ হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেছিলেন, সরাইলের কুট্টাপাড়ায় আজ (বৃহস্পতিবার) জুলাই-আগস্টে শহীদদের পরিবারের সঙ্গে দেখা করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আমি ছোয়াব মিয়াকে খবর দিলে আসার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
ডেস্ক রিপোর্ট 










