টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও গরুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার বাংড়া ইউনিয়নের বাগুটিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাইভেট কারটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় প্রাইভেটকারটি বাগুটিয়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন আরও ৪ জন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে অতিরিক্ত গাড়ির চাপ ও দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে কান্দিলা থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন। সকাল ৬টার দিকে কালিহাতী উপজেলার পৌলিং এলাকায় সিমেন্ট ভর্তি ট্রাক ও বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে মহাসড়কে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয়।
মীর মো. সাজেদুর বলেন, ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার রাত থেকে যানবাহনের চাপ বাড়তে শুরু করে এই মহাসড়কে। সকালে মহাসড়কে একটি দুর্ঘটনা ঘটে। তবে কেউ মারা যায়নি। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিতে কিছুটা সময় লেগে যাওয়ায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে।
প্রতিনিধি 










