হৃদরোগে আক্রান্ত হয়ে চ্যানেল 24 এর খুলনার আঞ্চলিক প্রধান প্রতিবেদক মামুন রেজা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাসায় হঠাৎ বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
মামুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। পরিবারের সদস্যরা জানায়, শনিবার খুলনার দিঘলিয়া উপজেলার ব্রক্ষ্মগাতী গ্রামে তার দাফন করা হবে।
মামুন রেজা চ্যানেল 24 ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান ছিলেন। তিনি চার বার খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়া খুলনা সাংবাদিক ইউনিয়নের দুইবারের সাবেক সভাপতিও ছিলেন তিনি।
মামুন রেজা ছিলেন সাংবাদিক মহলে অত্যন্ত শ্রদ্ধাভাজন, বিনয়ী, মৃদুভাষী ও হাস্যোজ্জ্বল একজন মানুষ। খুলনা অঞ্চলে সাংবাদিকতা ও মানবিক সহযোদ্ধা হিসেবে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। খুলনায় যারা বাইরে থেকে কাজ করতে যেতেন, তাদের কাছে তিনি ছিলেন একজন অভিভাবকের মতো।
তার সহকর্মীরা জানান, মামুন রেজার অকাল প্রয়াণে খুলনা সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সবসময় নবীন সাংবাদিকদের সহযোগিতা করতেন এবং সাংবাদিকতার আদর্শিক পথ অনুসরণে অনুপ্রাণিত করতেন।
সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীরা তার আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শুক্রবার রাতে খুলনা শহরে মামুন রেজার নিজ বাসার সামনে ১ম জানাজা নামাজ শেষে রাতেই খুলনার দিঘলিয়া উপজেলার ব্রক্ষ্মগাতী গ্রামে নিয়ে হয়া। শনিবার বাদ যোহর খুলনার দিঘলিয়া উপজেলার ব্রক্ষ্মগাতী গ্রামে ২য় জানাজা নামাজ শেষে তার দাফন করা হয়।
নিজস্ব সংবাদ : 










