কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ এলাকা সংলগ্ন পদ্মা নদীর পাড়ে শনিবার সকালে ফিল্মি স্টাইলে গ্রামবাসীর ওপর গুলির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
আজ রোববার বিকেল চারটার দিকে রায়টা ও ফয়জুল্লাহপুর গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে দুই এলাকার শতাধিক নারী-পুরুষ ও শিশুকিশোররা অংশগ্রহন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, এমনিতেই পদ্মার ভাঙন আতঙ্কে রয়েছে আমাদের এই গ্রাম। এর ওপর নদীর তীর দিয়ে বিভিন্ন এলাকার বালু ভর্তি কার্গো ট্রলার চলাচলের কারণে ভাঙন তরান্বিত হচ্ছে। বারংবার এসব ট্রলারকে নিষেধ করার পর তারা বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। যাতে বালু ভর্তি ট্রলার নদীর তীর দিয়ে না যেয়ে মাঝ নদী দিয়ে যায়। অবৈধ বালু উত্তোলন ও বড় বড় নৌকা নদীর কিনারা দিয়ে যাওয়ার ফলে পাকা রাস্তা, বাড়িঘর ও গ্রাম বিলীনের পথে। এলাকাবাসী বাঁধা দিতে গেলে পড়তে হচ্ছে গুলির মুখে।
এসময় বক্তারা আরো বলেন, শনিবার সকালে বালুবাহী ট্রলারকে কিনারা দিয়ে যাওয়া নিষেধ করার পর শামীম সরকার ও বেলাল বাহিনীর লোকেরা একটি স্পিডবোটে কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে অতর্কিত গুলি চালায় রায়টা-ফয়জুল্লাহপুর বালির ঘাটে। তারা এসে গুলি করেই মুহূর্তে ফিরে যান। এতে গুলিবিদ্ধ হন আমিরুল নামে একজন। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমাদের জীবন আজ হুমকির মুখে।
এবিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রউফ তালুকদার জানান, শনিবার সকালে আমিরুল নামের একজন গুলিবিদ্ধ হন। আমি ঘটনা শোনার সাথে সাথে ওই এলাকায় পুলিশ পাঠাই। এখনও পর্যন্ত এবিষয়ে কোন অভিযোগ আসেনি।
কুষ্টিয়া অফিস 










