সুপার এইটে টিকে থাকার জন্য আজ কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশ দলকে। যেখানে তাদের প্রতিপক্ষে নেদারল্যান্ডস। যাদের কাছে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে হেরেছিল টাইগাররা। ডাচদের বিপক্ষে জিতলেই শেষ আট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে শান্ত-হৃদয়দের। জিতলে একই সুযোগ থাকছে নেদারল্যান্ডসেরও।
বৃহস্পতিবার (১৩ জুন) ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিন্সসেটে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে গড়াবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাবে নাগরিক টিভি ও ট্রফিতে।
আজকের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শুধু নেদারল্যান্ডের ক্রিকেটাররাই নন। তালিকায় আছেন বাংলাদেশ দলের সাবেক দুই কোচও। তারা হলেন সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবং ফিল্ডিং কোচ রায়ান কুক। এই যেন ‘ঘরের শত্রু বিভীষণ’।
গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন ডাচ ক্রিকেটার লাগান ফন ভিক। এ সময় তিনি দলের দুই কোচ ডমিঙ্গো-কুকদের সম্পর্কে বলেন, ‘আমার মনে হয় এটা (রাসেল ডমিঙ্গো ও রায়ান কুক) আমাদের জন্য বাড়তি একটা সুবিধা। রাসেল এবং রায়ান খেলোয়াড়দের (বাংলাদেশ) খুব ভালো করে চেনে। তারা অনেকদিন তাদের কোচিং করিয়েছে। ব্যাক পকেটে বাড়তি সুবিধা হিসেবে আমরা এটা পাচ্ছি। যতটা সম্ভব আমরা এটাকে কাজে লাগানোর চেষ্টা করবো। তারা হয়ত আমাদের কিছু সিক্রেট প্ল্যান দিতে পারে যা তাদের জন্য অপ্রত্যাশিত হবে। আমরা খুবই আত্মবিশ্বাসী কারণ তারা খেলোয়াড়দের খুব ভালো করে চেনে।’
ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে অবশ্য ৮৭ রানের হারের লজ্জা পেয়েছিল বাংলাদেশ। ফন ভিক সেই জয় থেকে আত্মবিশ্বাসী পাকে জানিয়ে বলেন, ‘গত বিশ্বকাপে আমরা বাংলাদেশকে হারিয়েছিলাম, সেখান থেকে আমরা আত্মবিশ্বাস নিয়েছি। আশা করছি ওই আত্মবিশ্বাসটা আমাদের কাল (আজ) কাজে দেবে। আমরা জানি নিজেদের সেরা দিনে আমরা বাংলাদেশকে হারাতে পারি। আমরা এরকম মাইন্ডসেট নিয়ে খেলতে নামব।’
ডিপি ডেস্ক 










