পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হাসপাতালের পথে যাত্রা করেন।
এর আগে গণসংবর্ধনায় দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে যেমন এ দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল, ঠিক তেমনি ২০২৪ সালে সর্বস্তরের মানুষ এক হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। তিনি বলেন, দেশের মানুষ এখন কথা বলার অধিকার ও গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।
তিনি আরও বলেন, এবার সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। পাহাড়-সমতল, মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তার ভাষায়, এমন বাংলাদেশ গড়া দরকার যেখানে নারী, পুরুষ ও শিশুসহ সবাই ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরে আসতে পারে।
শহিদ ওসমান হাদিকে স্মরণ করে তারেক রহমান বলেন, তিনি চেয়েছিলেন এ দেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ১৯৭১ ও ২০২৪ সালে যারা শহিদ হয়েছেন, তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে, বলেন তিনি।
এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের বিখ্যাত উক্তির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘আই হ্যাভ অ্যা ড্রিম’—এর মতোই ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’। দেশ গড়ার জন্য তার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সহযোগিতা প্রয়োজন।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমান, তার স্ত্রী ও কন্যাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্বল্প যাত্রাবিরতির পর বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। পরে বেলা পৌনে ১২টার দিকে বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি-২০২) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ঢাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির শীর্ষ নেতারা। অভ্যর্থনা লাউঞ্জে তিনি প্রথমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কোলাকুলি ও কুশলাদি বিনিময় করেন। এরপর পর্যায়ক্রমে দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। দীর্ঘ প্রবাসজীবন শেষে তার দেশে ফেরা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ডেস্ক রিপোর্ট 










