নির্বাচন বানচাল করতে সংস্কার ও বিচার নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে। নির্বাচনের পরেও সংস্কার ও বিচার কাজ করা সম্ভব বলে জানিয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর উত্তরায় আজমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আমির কমপ্লেক্সে বিএনপির ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন বানচাল করতে সংস্কার ও বিচার নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে। নির্বাচনের পরেও সংস্কার ও বিচার কাজ করা সম্ভব।
সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে সব সময়ই সংস্কার প্রয়োজন। বিচারের কাজও আমাদের করতে হবে। কিন্তু এজন্য নির্বাচন দিতে বিলম্ব করা যাবে না। নির্ধারিত সময়েই নির্বাচন দেয়া উচিত।
আবদুল আউয়াল মিন্টু বলেন, নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয়; উন্নয়ন সম্ভব নয়। তাই দ্রুত নির্বাচন দিয়ে দেশের জনগণের প্রত্যাশা পূরণ করা উচিত।
মব জাস্টিস কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, দেশে এখন নির্বাচন, সংস্কার, বিচার ও মব জাস্টিস– এ নিয়েই আলোচনা-সমালোচনা হচ্ছে। নির্বাচিত সরকার না থাকাতেই মব জাস্টিস হচ্ছে। যারা এই মব জাস্টিসের সঙ্গে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক।
নিজস্ব সংবাদ : 










