সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে সোমবার (১৬ জুন) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মামলার এজহারনামীয় ৬ নম্বর আসামি দেলোয়ার হোসেন দুলু এবং ভিডিও ফুটেজ দেখে শনাক্ত হওয়া শাহজাহান ও ফারুক মিয়া। এদের মধ্যে দেলোয়ার ও শাহজাহানকে সিলেট শহর থেকে এবং ফারুককে জাফলং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ বলেন, রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দেলোয়ার এজহারভুক্ত আসামি এবং বাকি দুজনকে ভিডিও বিশ্লেষণ করে শনাক্ত করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, রোববার রাতে সরকারি কাজে বাধা, গাড়ি আটকে জনদুর্ভোগ সৃষ্টি এবং অবরোধের অভিযোগ এনে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) ওবায়েদ উল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়।
এর আগে গত শনিবার সকালে জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাদের গাড়িবহর আটকে দেন স্থানীয় বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা। তারা বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন এবং স্লোগান দেন।
নিজস্ব সংবাদ : 










