ঢাকা অফিস ॥ দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৮১৭ জন।
এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে এ বছর মোট ২৯৭ জনের মৃত্যু হল। মোট ভর্তি রোগীর অর্ধেকই চলতি অক্টোবর মাসে। মৃত্যুর দুই তৃতীয়াংশও ঘটেছে এ মাসে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার ভর্তিদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৯৭ জন, ঢাকা বিভাগে ২৩৪ জন, ময়মনসিংহে ৪৪ জন, চট্টগ্রামে ১৪৩ জন, খুলনায় ১২৪ জন, রাজশাহী বিভাগে ৬৭ জন, রংপুর বিভাগে ২৪ জন, বরিশাল বিভাগে ১০৫ জন এবং সিলেট বিভাগের রোগী ৫ জন। গত এক দিনে যারা মারা গেছেন তাদের দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং দুজন ময়মনসিংহ বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া বরিশাল, খুলনা এবং রংপুর বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মারা যান। এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৭ হাজার ৪৭৬ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪০৪৪ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৯৬০ জন; আর ২০৮৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৩৬ হাজার ৩ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৮১৪ জন। মাসওয়ারী হিসেবে দেখা যায়, জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্র“য়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৮ জনের। জুলাই মাসে ২৬৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। অগাস্টে ৬৫২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
নিজস্ব সংবাদ : 










