রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ভারতের নরেন্দ্র মোদির শোক প্রকাশ এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।
মঙ্গলবার (২২ জুলাই) এ চিঠিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়ে ভারতীয় হাইকমিশন বলেছে, দুর্ভাগ্যজনকভাবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় ও জরুরি চিকিৎসাসেবা সহায়তার প্রয়োজন হলে তা জানাতে।
চিঠিতে জানানো হয়, ভারতীয় হাইকমিশন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।
এর আগে সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মোদি বলেন, ‘ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায়—যাদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী–আমরা গভীরভাবে মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা।’
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। বাংলাদেশের সঙ্গে ভারত সংহতি প্রকাশ করে এবং সম্ভাব্য সব সহায়তা ও সমর্থন দিতে প্রস্তুত।’
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে সোমবার দুপুরে হঠাৎ আছড়ে পড়ে বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই নামের বিমানটি। দোতলা ভবনের নিচ তলায় আঘাত লেগে মুহূর্তেই যুদ্ধবিমানের ট্যাংক বিস্ফোরিত হয়। আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় তলায়ও। আতঙ্কে ছুটতে থাকেন শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারীরা।
পরে হতাহতদের নিয়ে হাসপাতালে ছুটে একের পর এক অ্যাম্বুলেন্স। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। তাদের মধ্যে বেশির ভাগই শিশু শিক্ষার্থী।
নিজস্ব সংবাদ : 










