অস্ত্রবিরতি শুরু হওয়ার কিছুক্ষণ পর ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে দাবি করে তেহরানের বিরুদ্ধে অস্ত্রবিরতি ‘লঙ্ঘনের’ অভিযোগ তুলেছে তেল আবিব।
এর কিছুক্ষণ পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েলি সামরিক বাহিনীকে তেহরানে তীব্র হামলার নির্দেশ দিয়েছেন।
আল জাজিরা জানিয়েছে, কাটজ ইসরায়েলি বাহিনীকে ‘ইরানের অস্ত্রবিরতি লঙ্ঘনের জোরালো প্রতিক্রিয়া’ জানানোর নির্দেশ দিয়ে তেহরানের কেন্দ্রস্থলে ‘ইরানি শাসকগোষ্ঠীর লক্ষ্যস্থলগুলোতে তীব্র আঘাত হানতে’ বলেছেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির বলেছেন, “ইরানি শাসকগোষ্ঠীর গুরুতর অস্ত্রবিরতি লঙ্ঘনের কারণে আমরা শক্তি দিয়ে আঘাত হানবো।”
ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, “ইরান অস্ত্রবিরতি ভেঙেছে আর তাদের এজন্য মূল্য দিতে হবে।”
কিন্তু ইসরায়েলের এসব দাবি প্রত্যাখ্যান করে ইরান বলেছে, অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার পর তারা কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি।
ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ইসরায়েলের অভিযোগ প্রত্যাখ্যান করে তারা কোনো ক্ষেপণাস্ত্র ছুঁড়েনি বলে দাবি করেছে।
ইরানের বার্তা সংস্থা আইএসএনএ তাদের প্রতিবেদনে বলেছে, অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এ অভিযোগ ‘মিথ্যা’।
তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্যাটেজিক স্টাডিজের গবেষণা সহযোগী আব্বাস আসলানি আল জাজিরাকে বলেছেন, অস্ত্রবিরতি চুক্তি মেনে চলার ক্ষেত্রে গাজা, লেবানন কোথাও ইসরায়েলের কোনো ভালো ট্র্যাক রেকর্ড নাই, তাই ইরান সতকর্ভাবে এগোচ্ছে।
“এই কারণেই তেহরান সতর্ক আর কর্মকর্তারা এটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করছেন না। যদি সময়ের সঙ্গে সঙ্গে কোনো লঙ্ঘনের ঘটনা না ঘটে, তাহলে আমার ধারণা ইরান অস্ত্রবিরতি মেনে চলবে।”
ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল ও ওয়াইনেট নিউজ জানিয়েছে, তেহরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করার কিছুক্ষণ পর ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী উভয় ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করেছে। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর হয়নি।
এর কিছুক্ষণ আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃবিতে ইরানের সঙ্গে দ্বিপাক্ষীয় অস্ত্রবিরতির শুরুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাবে তারা ‘রাজি’ বলে জানায়। এই বিবৃতিতেই ইসরায়েল সরকার বলেছিল, ‘অস্ত্রবিরতির কোনো লঙ্ঘন হলে প্রবল শক্তির সঙ্গে’ প্রতিক্রিয়া জানাবে তারা।
নিজস্ব সংবাদ : 










