‘ঢাকা অফিস ॥ ঘূর্ণিঝড় দানা’র প্রভাব কেটে গিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরের কার্যক্রম। বন্দরের জারি করা নিজস্ব এল্যার্ট-১ প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। বন্দরের হাবার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। বন্দর সূত্র জানায়, ঘূর্ণিঝড় দানা মোংলা বন্দর সংলগ্ন সুন্দরবন উপকূলীয় এলাকার উপর দিয়ে অতিক্রম করার খবরে আতঙ্কিত ছিল পশুর নদী সংলগ্ন চরাঞ্চলের মানুষেরা। বন্ধ রাখা হয়েছিল বন্দরে অবস্থান নেয়া বাণিজ্যিক জাহাজের কার্যক্রম। নিরাপদ অবস্থানে ছিল দেশি-বিদেশি জাহাজ ও পণ্য বোঝাই ছোট-বড় নৌযানগুলো। কিন্তু ঝড়ের প্রভাব কেটে যাওয়ায় বন্দর চ্যানেলে অবস্থান করা পণ্যবাহী বাণিজ্যিক জাহাজের খালাস-বোঝাই কাজ শুক্রবার (২৫ অক্টোবর) সকাল থেকে শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ । খুলনায় নিরাপদে সরিয়ে নেয়া বন্দর সংশ্লিষ্ট নৌযানগুলো পুনরায় বন্দর চ্যানেলে ফিরতে শুরু করেছে। গত দুদিন ধরে বন্দর জেটিতে অবস্থান নেয়া নৌবাহিনীর যুদ্ধ জাহাজ দ্বিগরাজ নৌঘাঁটিতে ফিরে যাচ্ছে। শুক্রবার সকাল থেকে বন্দরের হারবাড়িয়া ও জেটির অভ্যন্তরের সব কার্যক্রম চলছে স্বাভাবিক নিয়মে। এর আগে গত দুদিন ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে মোংলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি অব্যাহত ছিল। বেশি বৃষ্টি হয়েছিল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর থেকে; যা বিরামহীনভাবে চলছিল মধ্যরাত পর্যন্ত। তবে এ এলাকায় জান-মালের তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুক্রবার ভোর থেকে আবহাওয়া অনেকটা স্বাভাবিক রয়েছে। সকাল থেকে আকাশ রৌদ্রোজ্জ্বল এবং ভ্যাপসা গরমও পড়ছে। নেই বৃষ্টি ও বাতাস। কর্মজীবীরা বেরিয়ে পড়েছেন জীবিকার সন্ধানে। তবে সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। এ দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মোংলা আবহাওয়া অফিস জানায়, শঙ্কার কিছু নেই, ঘূর্ণিঝড় দানা ভারতের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। তবে আরও দুয়েকদিন বৃষ্টিপাতের আভাস রয়েছে মোংলার উপকূলে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভূইয়া জানান, স্বাভাবিক রয়েছে মোংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস ও পরিবহনের কাজ। দুর্যোগের প্রভাবে ভারী বৃষ্টির কারণে বন্দরের হারবাড়িয়া এলাকায় অবস্থান নেয়া জাহাজে পণ্য ওঠানো-নামানোর কাজ ব্যাহত হয়েছিল। কিন্তু এখন পুরোদমে সেসব জাহাজ থেকে পণ্য খালাস-বোঝাই চলছে। এছাড়াও বন্দর জেটি থেকে ব্যবসায়ীদের আমদানি করা পণ্য নিয়ে অনেক ট্রাকও ছেড়ে গেছে দেশের বিভিন্ন অঞ্চলে।
টপ নিউজ :
দানা’র ভয় কাটিয়ে স্বাভাবিক হচ্ছে মোংলা বন্দরের কার্যক্রম
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১২:৩১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- 29
জনপ্রিয় সংবাদ











