আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় পিস্তল, ৭ রাউন্ড গুলি, ৭ রাউন্ড রাবার বুলেট, ৮শ’ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১০টি ছুরি উদ্ধার করা হয়েছে। বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর থেকে তাদেরকে আটক করে যৌথবাহিনী। নওদা-খাদিমপুর গ্রামের আটককৃত ব্যক্তিরা হলেন শিপন (৪৩), রুবেল (৩৪) ও অলি (৫০)। এরিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। উল্লেখ্য সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত মঙ্গলবার দিবাগত রাত থেকে যৌথ অভিযানে নেমেছে। লুট হওয়া অস্ত্র উদ্ধার ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনাই এ অভিযানের লক্ষ্য। গত মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে যৌথ বাহিনীর এ অভিযানের কথা জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানাগুলোতে চলে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ। লুট করা হয় পুলিশের অস্ত্র-গোলাবারুদ। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কিছু উদ্ধার হলেও পাওয়া যায়নি বেশিরভাগই। সেসব অস্ত্র এবং আগে থেকে অনেকের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে এ যৌথ অভিযান শুরু করেছে স্বরাস্ট্র মন্ত্রণালয়।
টপ নিউজ :
মিরপুরে যৌথবাহিনীর অভিযানে আটক-৩
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১১:৫১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- 56
জনপ্রিয় সংবাদ















