বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি সরাসরি জড়িত নয়। তবে এই আন্দোলনে তাঁদের নৈতিক সমর্থন রয়েছে। সেই সমর্থন তাঁরা দিয়ে যাবেন।
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে বুধবার জোহরের নামাজের পর গতকালের সংঘর্ষে নিহতদের জন্য গায়েবানা জানাজা শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি যুক্তিসংগত বলে মনে করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘আমরা খুব দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই, এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদের নৈতিক সমর্থন দিয়েছি। সেই সমর্থন আমরা দিয়েই যাব।’
এ সময় মির্জা ফখরুল বিএনপি আয়োজিত গায়েবানা জানাজায় পুলিশের বাধা দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, ‘আজকে আমরা গায়েবানা জানাজায় অংশ নিতে এখানে এসেছিলাম। আপনারা দেখেছেন, কীভাবে এই মসজিদেও গেট বন্ধ করে দিয়ে জানাজায় বাধা প্রদান করেছে। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’
এ প্রসঙ্গে গতকাল মধ্যরাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের ঘটনা উল্লেখ করে এটাকে ‘সাজানো নাটক’ বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আগের মতো সম্পূর্ণ নাটক সাজিয়ে বিএনপির কার্যালয়ে কতগুলো ককটেল, বোমা, লাঠিসোঁটা রেখে দিয়ে সেখানে তারা ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’
ডিপি ডেস্ক 










