জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও দমন-পীড়নের শিকার মানুষের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম। তিনি বলেছেন, কথা ছিল সংস্কার, বিচার ও নির্বাচন হবে। নির্বাচন হলো, কিন্তু সংস্কার ও বিচার বাকি রয়ে গেল।
রাজধানীর পলাশী মোড়ে বুধবার (৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সপ্তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মাহফুজ আলম এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের লড়াই একটি পর্যায় পার করেছে। এখন সার্বভৌমত্ব, জাতীয় সম্পদ রক্ষা ও গণতন্ত্রের পাশাপাশি সংস্কার ও বিচারের প্রশ্ন সামনে রয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে হওয়া দমন-পীড়নের প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, আরেকটা বিচার বাকি রয়ে গেছে। ১৭ বছরের ফ্যাসিবাদের আমলে যারা দমন-পীড়নের শিকার হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, তাদের বিচার।
গুমের শিকার মানুষের সংখ্যা প্রায় দুই হাজারের কাছাকাছি উল্লেখ করে তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডেও কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। এর সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষের আত্মত্যাগের বিচারের প্রশ্ন গুরুত্বপূর্ণ।
‘১০ হাজার মানুষের রক্ত নিয়ে যে হাসিনা ভারতের আশ্রয়ে রাজনীতি করতেছে, মূলত অপরাজনীতি করতেছে, চক্রান্ত করতেছে এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে, সেই ১০ হাজার মানুষের বিচারের প্রশ্নও গুরুত্বপূর্ণ,’ যোগ করেন মাহফুজ আলম। অল্টারনেটিভসের এই সংগঠক আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে মব ভায়োলেন্সসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও দীর্ঘ সময় ধরে গুম, খুন ও দমন-পীড়নের শিকার মানুষের আত্মত্যাগ যেন আড়ালে পড়ে না যায়। এক শহীদ আবরার ফাহাদ আমাদের ঐক্যবদ্ধ করেছিল এই বিচারগুলোর জন্য।’
ডেস্ক রিপোর্ট 









