ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিসহ স্বৈরাচারের সময়ে যারা গুম-খুনের শিকার হয়েছেন তাদের ঋণ শোধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, কয়েকদিন আগে বাংলাদেশের চব্বিশের আন্দোলনের সাহসী প্রজন্মের সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। হাদি চেয়েছিল এ দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক। দেশের মানুষ তাদের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ওসমান হাদিসহ একাত্তরে যারা শহিদ হয়েছে, বিগত সরকারের সময়ে যারা বিভিন্নভাবে গুম-খুনের শিকার হয়েছে, এই মানুষদের রক্তের ঋণ যদি শোধ করতে হয় তাহলে আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলি। যেখানে আমরা সকলে মিলে কাজ করব। যেখানে সকলে মিলে আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব।
ষড়যন্ত্র চলমান রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচররা বিভিন্নভাবে এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদের আজ গ্রহণ করতে হবে, যাতে এ দেশকে আমরা শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তির ওপর গড়ে তুলতে পারি।
এর আগে দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের বিজি-২০২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
একপর্যায়ে বিকেল পৌনে ৪টার দিকে সংবর্ধনাস্থলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর কিছুক্ষণ আগে তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আবেগঘন বার্তায় লেখেন, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!
তারও আগে বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি। একই দিন বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন তারেক রহমান। তিনি স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাত সোয়া ১০টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।
ডেস্ক রিপোর্ট 










