তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি শুরু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চে দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু হয়।
এদিন আদালতে রিটের পক্ষে শুনানিতে আছেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। এছাড়া রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) একই বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে প্রথম দিনের মতো চূড়ান্ত আপিল শুনানি অনুষ্ঠিত হয়। পরে বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন আদালত।
ওইদিন সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া শুনানি করেন। এরপর বিএনপি, জামায়াতের আইনজীবী ও রাষ্ট্রপক্ষ শুনানি করেন।
গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয়া হয়। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল করেন।
১৯৯৬ সালে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয়। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিন আইনজীবী হাইকোর্টে রিট করেন। পরবর্তীতে ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট বিভাগ এ রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়।
ডেস্ক রিপোর্ট 
















