নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ কয়েকজন রাজনীতিবিদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে এনসিপি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় দলটির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সেল সদস্য ও যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। তিনি জানান, নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের চরম গাফিলতি ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়েও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখা হবে।
এর আগে একই ঘটনায় প্রতিবাদে ফেসবুক পোস্টের মাধ্যমে শাহবাগে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এনসিপি। বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের সামনে এ মিছিল অনুষ্ঠিত হবে।
এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হবে। এছাড়া কেন্দ্রীয় নির্দেশনায় সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়েও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে দলটি।
ডেস্ক রিপোর্ট 










