বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক
চাঁদপুরের কোনো বিএনপি নেতা-কর্মী সালিশ-বৈঠকে অংশ নিলে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) হাইমচরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর এক যৌথ সাংগঠনিক সভায় তিনি এই ঘোষণা দেন।
মানিক বলেন, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের সঙ্গে কোনো আপস নেই। যারা এসবের সঙ্গে জড়িত, তাদের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। তারেক রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে কোনো অন্যায়ের সঙ্গে আমি আপস করতে রাজি নই।
তিনি আরও জানান, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার জন্য বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে। এই নির্বাচনের মাধ্যমেই দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষদের শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের আশ্বাস দেন জেলা বিএনপি সভাপতি। এছাড়া এ মাসের মধ্যেই বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শেষ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি দ্রুত হাইমচর উপজেলা মহিলা দলের কমিটি গঠনের নির্দেশও দেন।
সভায় সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী। এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনুর বেগমসহ অন্যান্য নেতারা।
উল্লেখ্য, এর আগে পটুয়াখালীতে স্থানীয় আরেক বিএনপি নেতা একই ধরনের কঠোর বার্তা দেন দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে।
ডেস্ক রিপোর্ট 
















