চট্টগ্রামের মিরসরাইয়ে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. শাহেদ (২৪) খুনের ঘটনায় তার বাবা নুরুজ্জামানকে (৬৫) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার করা হয়েছে নুরুজ্জামানের দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকেও। সোমবার (১৫ সেপ্টেম্বর) সিলেট জেলার দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাদের গ্রেপ্তার করে র্যাব-৭।
নিহত শাহেদ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, শাহেদ হত্যার পর থেকে নুরুজ্জামান পলাতক ছিলেন। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশের সহযোগিতায় ঘটনার পাঁচ দিন পর নুরুজ্জামান ও তার দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের ঘড়ি মার্কেট এলাকায় বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করেন শাহেদ। এ সময় নিজ বাড়িতে বাবা নুরুজ্জামানের ছুরিকাঘাতে নিহত হন ওই শিক্ষার্থী। নুরুজ্জামানের প্রথম স্ত্রী দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে চট্টগ্রামের সিডিএ এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন।
ডেস্ক রিপোর্ট 










