গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। বাংলাদেশে গায়ের জোরে কারও মুখ বন্ধ করা যাবে না।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে আহত নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, ২৪-এর আগষ্টের পূর্ব থেকে বিএনপিসহ দেশের ৬৩ রাজনৈতিক দল একত্রিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে ছিলাম। সে আন্দোলনে নুরুল হক নুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামীতেও একইভাবে গণতন্ত্র ফিরিয়ে আনবো এবং শান্তিপূর্ণ সহাবস্থান ও মতপ্রকাশের স্বাধীনতা থাকবে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ আজকে নয়, হাজার বছরের ইতিহাস দেখলে দেখা যাবে এ দেশের মানুষ কখনও অত্যাচার-জুলুম সহ্য করে নাই। তারা প্রতিবাদ করেছে এবং স্বাধীনতার জন্য বারংবার যুদ্ধ করেছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী হতে হবে। সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার স্পষ্ট প্রতিফলন হতে হবে। তারা নির্বাচনে তাদের মতামত দেবে এবং সেই মতামতের মাধ্যমে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই এ দেশ পরিচালনা করবে।
এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপাের্ট 










