গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘সেনাবাহিনীর মতো একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী কোনো নির্দেশ ছাড়া পদক্ষেপ নেয় না। তাই এই হামলার পেছনে কার নির্দেশ ছিল, তার জবাব সেনাপ্রধানকে দিতে হবে।’
এনসিপির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক আরও লিখেছেন, ‘আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নুর ভাইয়ের ওপর সেনাবাহিনীর এই বর্বর রক্তাক্ত হামলাকে আমি স্বাভাবিক হামলা হিসেবে দেখি না। সেনাবাহিনী উপরের নির্দেশ ছাড়া একটা পা-ও ফেলে না। তাহলে কার নির্দেশে নুর ভাইকে রক্তাক্ত করা হলো?’
পোস্টে তিনি দাবি করেন, সেনাবাহিনীর ভেতরের একটি মহল রাজনৈতিক স্বার্থে এমন হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে। একইসঙ্গে পুলিশের মধ্যকার আওয়ামীপন্থি ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।
সারজিস হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা পেছন থেকে কালো হাতের খেলা খেলার চেষ্টা করছে তাদের কালো হাত ভেঙে দেয়া হবে।’
এর আগে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জড়ো হলে গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে জাপার নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জানিয়েছেন, দলের সভাপতি নুরুল হক নুরের মাথা ফেটে গেছে। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট 










