কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্য্যালয় থেকে নৈশপ্রহরী আলম হোসেন (৫৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর হাসপাতাল রোডস্থ কার্য্যালয়ের ভেতরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আলম হোসেন কুষ্টিয়া সদর উপজেলার দহকোলা গ্রামের শহর আলী শেখের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, প্রতিদিন সন্ধ্যায় দায়িত্বপালনে আলম খাদ্য নিয়ন্ত্রকের অফিসে গিয়ে সকালে বাড়ি ফিরেন। এইদিন সকালে তিনি বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা অফিসে খোঁজ নিতে যান। সেখানে একটি কক্ষে তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল-ওয়াজিউর রহমান জানান, সকাল ৮টার দিকে ঝাড়ুদার আজিজুর রহমান অফিসে আসেন। এ সময় তাকে ডাকাডাকি করেও নৈশপ্রহরী আলমের কোন সাড়া শব্দ পাচ্ছিলেন না। বিষয়টি আমাদের জানানো হলে পুলিশ ও নৈশপ্রহরীর পরিবারকে খবর দেয়া হয়। এরপর পুলিশ দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিবারের দাবি, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, পুলিশ দরজা ভেঙে আলমের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া অফিস 










