চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে প্রধান আসামি করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। এতে আরও ৩৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া, তিনজনকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী) মাহফুজুর রহমান চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এ অভিযোগপত্র জমা দেন।
তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, এ মামলার এজাহারে যে ৩১ জনের নাম ছিল, তাদের মধ্যে তিনজনকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়েছে। মামলার প্রধান আসামি চিন্ময় দাস ব্রহ্মচারী। এজাহারে থাকা বাকি ২৮ জনকে অভিযোগপত্রে আসামি করা হয়েছে। পাশাপাশি তদন্তে যাদের নাম এসেছে এমন আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, ‘সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে’ সেদিন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। অভিযোগপত্রে যে ৩৮ জনকে আসামি করা হয়েছে, তাদের মধ্যে এখন পর্যন্ত ২০ জন গ্রেপ্তার আছে। বাকি ১৮ জন পলাতক।
এদিকে, ঘটনার সময় পুলিশ হেফাজতে থাকা চিন্ময়কে প্রধান আসামি করা প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা জানান, সেদিন জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর তিনি আদালত প্রাঙ্গণে উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন। তার বক্তব্যের কারণে অন্য আসামিরা উত্তেজিত হয়ে আইনজীবীর উপর হামলা চালায় বলে তদন্তে উঠে এসেছে।
প্রসঙ্গত, গত বছরের ২৫ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা একটি মামলায় রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে। পরদিন ২৬ নভেম্বর চিন্ময় দাসকে চট্টগ্রাম আদালতে তোলা হলে আদালত তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরবর্তীতে আদালত থেকে কারাগারে নেয়ার সময় তারে বহন করা প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন। সে সময় বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে। এ সময় আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তখন তাদের ধাওয়া করে। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে বিক্ষোভকারীরা।
এদিকে, আইনজীবী আলিফ হত্যার পর গত বছরের ২৯ নভেম্বর তার বাবা জামাল উদ্দিন নগরীর কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/১৬ জনকে আসামি করা হয়।
নিজস্ব সংবাদ : 
















