ময়মনসিংহের ফুলপুরে বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুরিয়ার ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশ জানিয়েছে, ফুলপুর থেকে একটি মাহিন্দ্রা হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথে পৌরসভার কাজিয়াকান্দি এলাকায় পৌঁছলে ঢাকাগামী শ্যামলী পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে সংঘর্ষের পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় সড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এর আগে বিকেলে ময়মনসিংহের তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কোদালধর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
নিজস্ব সংবাদ : 










